ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ মো. আঃ রশিদ ফরাজি (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানার এসআই ও সেকেন্ড অফিসার মো. জসিমউদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে টবগী এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে টবগী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আঃ রশিদ ফরাজিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রশিদ ফরাজি টবগী ২ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ির মৃত হানিফ ফরাজির ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বোরহানউদ্দিন থানা এলাকায় মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করায় স্থানীয়দের মধ্যে পুলিশের তৎপরতা নিয়ে ইতিবাচক আলোচনা দেখা দিয়েছে। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ায় বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামানের নেতৃত্বাধীন পুলিশ টিমের প্রশংসা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকলে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।
বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিয়াজ ফরাজী 




















