ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ ও অতিরিক্ত গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড—বিজিডিসিএল।
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাঞ্ছারামপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান ভূইয়ার নেতৃত্বে এবং পুলিশ বাহিনীর সহযোগিতায় উপজেলার তিনটি স্পটে পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে
আবাসিক ও বাণিজ্যিক বিভিন্ন স্থাপনা পরিদর্শন করা হয়।
অভিযানে ৭৫ ডিবি আবাসিক এবং ৪টি বাণিজ্যিক স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় অবৈধ ও অতিরিক্ত গ্যাস সংযোগসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এর মধ্যে অবৈধ সংযোগের ৯টি, অতিরিক্ত চুলা ব্যবহারের ২টি, জিআই লাইন বর্ধিত করার ১টি এবং আবাসিক সংযোগে বাণিজ্যিক ব্যবহারের ৩টি সংযোগ রয়েছে।
অভিযানে ১৩ জন ব্যক্তিকে মোট ২ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে স্থাপিত প্রায় ৭০০ ফুট প্লাস্টিকের গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে।
অভিযান শেষে মোট অতিরিক্ত ও অবৈধ ১৯ ডিবি আবাসিক সংযোগ এবং ৩টি ছোট বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অবৈধ গ্যাস সংযোগ, অতিরিক্ত চুলা ব্যবহার এবং আবাসিক সংযোগে বাণিজ্যিক ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মোঃ আবদুল মনিম, বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি 























