নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজারে রাস্তার মাঝখানে পল্লীবিদ্যুতের খুঁটি বহাল রেখেই চলছে ঢালাই ও পাকাকরণ কাজ। অপরিকল্পিত এ কাজের কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীরা। স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে একাধিকবার আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।
হাটে আসা পথচারীরা জানান, রাস্তার মাঝখান থেকে খুঁটি না সরিয়ে কাজ করায় স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাতে পর্যাপ্ত আলো না থাকলে কিংবা অসাবধানতাবশত যেকোনো যানবাহন এই খুঁটিতে ধাক্কা লেগে বড় দুর্ঘটনার শিকার হতে পারে। জনস্বার্থে দ্রুত রাস্তা ঢালাইয়ের কাজ শেষ করার আগেই খুঁটিটি স্থানান্তরের জন্য জোর দাবি জানিয়েছেন তারা।
ভবানীপুর হাট-বাজার ইজারাদারের পার্টনার রফিকুল ইসলাম বলেন, শনিবার ও মঙ্গলবার এই হাটে বিপুল পরিমাণ ধান, চাল ও কৃষিপণ্য বেচাকেনা হয়। রাস্তার ঠিক মাঝবরাবর খুঁটি রেখে ঠিকাদার কাজ চালিয়ে যাচ্ছেন,যা ভবিষ্যতে চরম জনভোগান্তি তৈরি করবে। ভ্যানচালক জামাল উদ্দীন ও ক্রেতা মেহেদি হাসান আক্ষেপ করে জানান, সরকার প্রতি বছর হাট থেকে লাখ লাখ টাকা রাজস্ব পেলেও বিদ্যুৎখুঁটি অপসারণের মতো একটি সাধারণ সমস্যার সমাধান হচ্ছে না।
বাজার বণিক সমিতির সভাপতি আরিফুজ্জামান লেবু অভিযোগ করে বলেন, গত দুই মাস ধরে আত্রাই পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করছি। দুইবার তদন্ত দল এসে দেখে গেলেও এখন পর্যন্ত খুঁটিটি সরানো হয়নি।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হাট উন্নয়নের অংশ হিসেবে রাস্তা ঢালাইয়ের কাজ চলছে। বারবার বিদ্যুৎ বিভাগে বলা সত্ত্বেও কোনো সমাধান আসেনি।
এ বিষয়ে আত্রাই পল্লীবিদ্যুৎ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসিম উদ্দীন জানান, খুঁটি স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুতই তা অপসারণ করা হবে।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 






















