ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে ২৫ বছর বয়সী এক নারীকে হত্যার পর তার মরদেহ কয়েক টুকরা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ ওই নারীর বিচ্ছিন্ন মাথা একটি পলিথিন ব্যাগে ভরে ফ্রিজে রাখা অবস্থায় উদ্ধার করেছে। ঘটনার পর আত্মসমর্পণ করেছেন তার স্বামী।
সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (৬ সেপ্টেম্বর) প্রতিবেশীদের কাছ থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ পেয়ে একটি অ্যাপার্টমেন্টে যায় পুলিশ। প্রতিবেশীরা জানান, প্রায় দুই দিন ধরে ওই দম্পতিকে দেখা যাচ্ছিল না এবং তাদের মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। সেখানে ওই নারীর খণ্ডবিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার আঙুলের কিছু অংশ কাটা ছিল এবং মরদেহে পচন ধরতে শুরু করেছিল। তবে তার মাথা সেখানে পাওয়া যায়নি। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ফ্রিজের ভেতরে একটি পলিথিন ব্যাগ থেকে নারীর বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে পুলিশ। নিহতের নাম রিয়া তালুকদার বলে শনাক্ত করা হয়েছে। কয়েক মাস আগেই ওই দম্পতির বিয়ে হয়েছিল বলে জানা গেছে।
প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, নিহত নারীর স্বামীকে সর্বশেষ শুক্রবার দেখা গিয়েছিল। ঘটনার পর তাকে খুঁজে না পাওয়ায় পুলিশ তার সন্ধানে তল্লাশি শুরু করে। পরে রবিবার রাতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ তার জবানবন্দি রেকর্ড করে সংগৃহীত তথ্য-প্রমাণের সঙ্গে তা যাচাই করছে।
তবে এই হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ। অভিযুক্ত কী পরিস্থিতিতে আত্মসমর্পণ করেছেন এবং ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























