বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কসবা আড়াইবাড়ি মাঠে জড়ো হতে থাকেন।
সকাল ১১টার দিকে কসবা আড়াইবাড়ি মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। বায়েক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মনির হোসেনের নেতৃত্বে বিশাল গাড়িবহর নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালিটি কসবা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন। এছাড়া বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় বায়েক ইউনিয়নসহ কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মোরশেদ আলম-কসবা প্রতিনিধি 


















