গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, জুলাই যোদ্ধারা চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে। এই কথাটি শুধু মুখেই না বলে আমাদের সবাইকে কর্মে ও অন্তরে ধারণ করতে হবে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনকারীরা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেছিল আমরা চাই এমন বাংলাদেশ গড়ে তাদের প্রত্যাশা পূরণ করতে পারি। আজকে সকল শহীদদের প্রতি বিশেষ করে ৭১, ৯০ ও ২৪ এ যারা এদেশকে ভালোবেসে এ দেশের মানুষের মুক্তি কামনায় স্বাধীনতা কামনায় জীবন দিয়ে গেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
মন্ত্রী বলেন, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা একটা শপথ গ্রহণ করি যে, আমরা শহীদদের ত্যাগ বৃথা যেতে দেবো না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দিন নেই রাত নেই প্রতিদিন ১৭ থেকে ১৮ ঘন্টা কাজ করে যাচ্ছেন। বিগত পনেরো বছরের দুঃশাসন দেশকে জর্জরিত হয়ে গেছে, তলা বিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল। এখন আপনারা যার যার অবস্থান থেকে যদি দেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেন তবেই এদেশ ঘুরে দাঁড়াবে। আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এদেশ কি সঠিক পথে নিয়ে যাবে। আমরা যদি আমাদের কাজটা করতে পারি ইনশাল্লাহ এদেশের চেহারা বদলে যাবে।
তিনি আরো বলেন, কুমিল্লার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের আশ্বস্ত করতে চাই আমার মন্ত্রণালয় থেকে যে ধরনের সুযোগ সুবিধা অন্যান্য শহীদ পরিবাররা পাবে ইনশাল্লাহ আপনারাও সেটা অবশ্যই পাবেন। সরকার ঘোষিত যেকোনো ধরনের সুযোগ সুবিধা যদি শহীদ পরিবার না পেয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সঠিক প্রাপ্য বুঝিয়ে দেব।
প্রধান আলোচকের বক্তব্যে কুমিল্লা ৬ আসনের এমপি চৌধুরী বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের ফলে এদেশের ছাত্র জনতা দীর্ঘদিনের চেপে থাকা স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছে। তাদের আত্মত্যাগকে আমরা ভুলে যেতে দিবো না। আমরা জুলাইকে মনেপ্রাণে বিশ্বাস করি, ধারণ করি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের নেতৃত্বের এদেশ পথ হারাবে না।
তিনি বলেন, জুলাই যোদ্ধাদের আশ্বস্ত করতে চাই, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের যুগের মানুষ। তিনি তোমাদের ত্যাগ, তোমাদের ব্যাথা, তোমাদের চাওয়া বুঝতে পারেন। সুতরাং বিশ্বাস রাখো, ধৈর্য ধরো তোমাদের তিনি হতাশ করবেন না।
মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইমুল হক রিংকু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল যুগ্ম আহ্বায়ক রিয়াজুদ্দিন রিয়াজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার আহ্বায়ক সাকিব হুসাইনসহ জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, বিএনপির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 


















