ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ১০০ গ্রাম অবৈধ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি)-মো. মনিরুজ্জামান এর তত্বাবধানে পরিচালিত এ অভিযানে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
অভিযানে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম ও এসআই মো. মেহেদী হাসান। তাদের সঙ্গে ছিলেন পুলিশ সদস্য মো. মাহফুজ ও মো. মেহেদীসহ অন্যান্য সদস্যরা।
অভিযান চলাকালে বোরহানউদ্দিন থানাধীন এলাকা থেকে মো. আলম হাওলাদার (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার বড় মানিকা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
রিয়াজ ফরাজী 






















