টাংগাইল মির্জাপুরের সন্তান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহিরের একমাত্র ছেলে সাকিব আল জহির (অনিক) (৩২) ইন্তেকাল করেছেন। সোমবার দুপুরে ঢাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, সাকিব আল জহির দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত জটিল রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি দীর্ঘ দশ মাস ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানে তাঁর ফুসফুস প্রতিস্থাপন (লাং ট্রান্সপ্ল্যান্ট) করা হয়। প্রায় এক মাস আগে তিনি দেশে ফিরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু সোমবার হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী ও ছয় বছরের এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ এশা উপজেলার ভাওড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কামারপাড়া গ্রামে মরহুমের পৈত্রিক ভিটায় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
সাকিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
স্টাফরিপোর্টার: সাইদ আল মামুন 














