বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল IDCPC কর্তৃক আয়োজিত চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করে। উক্ত সেমিনারে চীনের বিশেষজ্ঞ দল চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার নানা গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বিএনপি’র প্রতিনিধি দলকে অবহিত করেন।
সেমিনারটি চীনের স্থানীয় সময় সকাল ১০ টার বেইজিংয়ের মিনজো হোটেলে অনুষ্ঠিত হয়। বিএনপি’র পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ন্যাশনাল একাডেমী অব চাইনিজ মডার্নাইজেশন, চাইনিজ একাডেমী অব সোশ্যাল সায়েন্সেস এর অধ্যাপক জু সিউজুন। সেমিনারে চীনের বিশেষজ্ঞ দল চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার বিভিন্ন ত্বাত্তিক এবং প্রায়োগিক দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে এই পরিকল্পনা বাস্তবায়ন, মনিটরিং, জনগণের অংশগ্রহণ এবং নীতি নির্ধারনের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় জনপ্রশাসন উপদেষ্টা বলেন, বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিতে যে ম্যাজিকাল উন্নতি করেছে এবং এজন্য যে সমন্বিত ও পরিশুদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নানামুখী প্রশিক্ষণ ও কারিগরী দক্ষতা বৃদ্ধি বিশেষত ডিজিটাল গভর্নেন্স এবং প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে তিনি চীনের সহযোগিতা কামনা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বিগ ডেটা অ্যানালিটিক্স এবং ই-গভর্নেন্সের মতো ক্ষেত্রগুলোতে চীন সহযোগিতা করতে পারে।
একই দিন দুপুরে বাংলাদেশের প্রতিনিধি দল বেইজিংয়ে চীনের বিখ্যাত “রোবট এক্সিবিশন” পরিদর্শন করেন।
এর আগের দিন প্রতিনিধি দলটি চীনের বিখ্যাত ভেষজ ও স্বাস্থ্যপণ্য শিল্প প্রতিষ্ঠান Jiuxianzun Huoshan Dendrobium Company Ltd. পরিদর্শন করে। কোম্পানিটি দুষ্প্রাপ্য ও উচ্চমূল্যের ডেনড্রোবিয়াম (Dendrobium) প্রজাতির ভেষজ উদ্ভিদ চাষ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে সমগ্র চীন জুড়ে বিশেষ খ্যাতি অর্জন করেছে।
উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ১৬ এপ্রিল চীন পৌঁছায় বিএনপি’র ১৯-সদস্যের একটি প্রতিনিধি দল।
নিজস্ব প্রতিবেদক 






















