নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া সুলতানা ২০০১ সালের জুলাইয়ে চাকরিতে যোগ দেওয়ার পর থেকে দীর্ঘ ২৩ বছর ৭ মাস কর্মকালে ৯ বছর ৭ মাসের বেশি সময় ছুটিতে কাটিয়েছেন, যা বিদ্যালয়ের কর্মদিবসের হিসাবে প্রায় ১৮ বছরের সমান। চিকিৎসা, প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটিসহ নানা অজুহাতে অনুপস্থিত থাকার পাশাপাশি ক্ষমতার প্রভাব খাটিয়ে ২ হাজার ১৯৬ দিনের ছুটির হিসাব সার্ভিস বইয়ে অন্তর্ভুক্ত হতে না দেওয়া এবং ছুটি অনুমোদনে আপত্তি করায় শিক্ষা কর্মকর্তাকে হেনস্তার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন, সার্ভিস বই ও বিদ্যালয়ের হাজিরা খাতা বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
কর্মদিবসের হিসাবে প্রায় ১৮ বছর বিদ্যালয়ের বাইরে: হরিনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর ২০০১ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩ বছর ৭ মাস কর্মকালে রাবেয়া সুলতানা ২৯ দফায় মোট ৩ হাজার ৪৮৩ দিন ছুটি ভোগ করেছেন। বছর হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ৯ বছর ৬ মাস ১৮ দিন। বিভিন্ন অজুহাতে সর্বনিম্ন ১২ দিন থেকে সর্বোচ্চ টানা ২৫১ দিন পর্যন্ত ছুটি নেওয়ার নজির রয়েছে তার, যার মধ্যে অর্ধবেতন ও বিনা বেতনের ছুটিও যুক্ত। শিক্ষাপঞ্জি অনুযায়ী সাপ্তাহিক ও অন্যান্য ছুটি বাদ দিলে সরকারি প্রাথমিক বিদ্যালয় বছরে প্রায় ১৯৪ দিন খোলা থাকে; সেই হিসাবে কর্মদিবসের সঙ্গে তুলনা করলে প্রায় ১৮ বছরই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
সার্ভিস বই ও আইব্যাসে গোপন ছুটির হিসাব: সরকারি চাকরিজীবীদের চাকরিজীবনের শুরু থেকে অবসর পর্যন্ত পদোন্নতি, বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট), বদলি ও অর্জিত ছুটিসহ যাবতীয় তথ্য সংরক্ষণে পৃথক সার্ভিস বই থাকে। কিন্তু রাবেয়া সুলতানার ভোগ করা ৩ হাজার ৪৮৩ দিনের ছুটির মধ্যে ২ হাজার ১৯৬ দিনের হিসাব—যা বছর হিসাবে ৬ বছর ৬ দিন—তার ব্যক্তিগত সার্ভিস বইয়ে নথিভুক্ত হয়নি। নথিপত্র অনুযায়ী, ২০০৫ সালের ৩ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ২৭ দিন এবং ২০১৮ সালের ২৩ জুন থেকে ২০১৯ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত টানা ২০৯ দিন চিকিৎসা ছুটিতে থাকলেও তা সার্ভিস বইয়ে তোলা হয়নি; এ ছাড়া আরও ১৯ দফায় ২ হাজার ১৯৬ দিন ছুটি কাটালেও তার উল্লেখ নেই। সংগৃহীত তথ্যে আরও দেখা যায়, মাতৃত্ব ছুটির ৩০৩ দিন, প্রশিক্ষণ ছুটির ১ হাজার ২১৮ দিনের মধ্যে ৮৫৩ দিন এবং চিকিৎসা ছুটির ১ হাজার ৯৬২ দিনের মধ্যে ১ হাজার ৪০ দিন ছুটি তার সার্ভিস বইয়ে এন্ট্রি করা হয়নি।
ঢাকায় অবস্থানের কৌশল ও চিকিৎসা ছুটির নিয়ম: সংশ্লিষ্টদের মতে, কোনো শিক্ষক বা কর্মকর্তার এভাবে দীর্ঘদিন চিকিৎসা ছুটিতে থাকার বিধান নেই। টানা তিন মাস ছুটিতে থাকলে সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হয়, যা ইতিবাচক না হলে চাকরিতে যোগদানের নির্দেশ দেওয়া হয় এবং দীর্ঘমেয়াদি অসুস্থতার ক্ষেত্রে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নিয়ম রয়েছে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন অসুস্থতার কথা বললেও রাবেয়া সুলতানা আদৌ অসুস্থ ছিলেন না; তার স্বামী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকায় তিনি অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করতেন এবং মেডিকেল সনদ দেখিয়ে ছুটি নিতেন। পরবর্তী সময়ে জেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে স্বাস্থ্য সনদ আনার তাগাদা দিলে তিনি নানা টালবাহানা শুরু করেন, পাশাপাশি তার বাবা আবুল কাশেম (জি এস কাশেম) তৎকালীন সময়ে স্থানীয় আওয়ামী লীগের (বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এবং পরিবার প্রভাবশালী হওয়ায় তিনি নানাভাবে পরিস্থিতি সামলে ছুটি নিতেন।
ছুটি না দেওয়ায় শিক্ষা কর্মকর্তাকে হেনস্তা ও ভীতির পরিবেশ: দীর্ঘ ছুটি ও ছুটি অনুমোদনে আপত্তি তোলায় শিক্ষা কর্মকর্তাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে রাবেয়া সুলতানার বিরুদ্ধে। তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চার দিন অননুমোদিত ছুটিতে থাকার পর ওই নৈমিত্তিক ছুটি অনুমোদনের জন্য তিনি বাবাকে সঙ্গে নিয়ে নোয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিসে যান। ছুটি অনুমোদন নিয়ে আলোচনার একপর্যায়ে রাবেয়ার উপস্থিতিতেই তার বাবা সহকারী শিক্ষা অফিসার রাজিবুল হাসান রাজিবকে হেনস্তা করেন। এ ঘটনায় রাজিব জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করলে তদন্ত কমিটি গঠিত হয়, যা ঘটনার সত্যতা পায় এবং রাবেয়ার বাবা ওই শিক্ষা অফিসারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। নোয়াখালী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দায়িত্ব পালনকারী একাধিক কর্মকর্তা জানান, বাবা স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকায় ভয়ে কেউ কথা বলতেন না; ছুটি না দিলে কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো ও শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি নানাভাবে ম্যানেজ করে ছুটির তথ্য সার্ভিস বইয়ে অন্তর্ভুক্ত হতে দেওয়া হতো না। ওই উপজেলার আরেক শিক্ষা কর্মকর্তা জানান, রাজিবকে হেনস্তার আগেও তিনি বিভিন্ন শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাকবিতণ্ডা ও বিবাদে জড়িয়েছেন, তবে রাজনৈতিক প্রভাবের ভয়ে কেউ মুখ খুলতেন না।
তদন্তে প্রমাণিত অনিয়ম ও সুপারিশ: কর্মস্থলে দীর্ঘদিন ও অননুমোদিত অনুপস্থিতি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসাদাচরণসহ নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস একটি তদন্ত কমিটি গঠন করে। তৎকালীন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাজিবুল হাসান রাজিবের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেন নোয়াখালী সদর উপজেলার তৎকালীন শিক্ষা অফিসার মো. টিপু সুলতান খান। ওই প্রতিবেদনে রাবেয়া সুলতানার বাবার বিরুদ্ধে সহকারী শিক্ষা অফিসার রাজিবুল হাসান রাজিবের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অশালীন আচরণের প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয় এবং অননুমোদিত অনুপস্থিতি ও বিভিন্ন সময়ে ভোগ করা ছুটি সার্ভিস বইয়ে এন্ট্রি করার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
শাস্তির বদলে ডেপুটেশনে ঢাকায় পদায়ন: এতসব গাফিলতি ও অনিয়মে জড়িত থাকার পরও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাবেয়া সুলতানার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি; বরং তাকে ডেপুটেশনে ঢাকায় পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা শিক্ষা অফিসারের তদন্তে ছুটি ও শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ প্রমাণিত হওয়া সত্ত্বেও ২০২৫ সালে তাকে এক বছরের জন্য ডেপুটেশনে ঢাকার খিলগাঁওয়ের পূর্ব খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয় এবং সম্প্রতি সেই সংযুক্তির মেয়াদ আরও বাড়ানো হয়েছে। অভিযোগ রয়েছে, স্বামীর সঙ্গে রাজধানীতে থাকার সুবিধার্থে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ১৫ লাখ টাকার বিনিময়ে তিনি এই পদায়ন বাগিয়ে নেন এবং সম্প্রতি মেয়াদ বাড়াতেও অর্থ ব্যয় করেছেন।
সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রশাসনের অবস্থান: সার্বিক বিষয়ে জানতে রাবেয়া সুলতানার মোবাইল ফোনে (০১৭১৬….৬১) যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন শুনেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং পুনরায় কল করা হলে নম্বরটি সঠিক নয় জানিয়ে ফোন কেটে দেন। নোয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিসার এ এস এম এহসান কবীর জানান, তিনি সম্প্রতি যোগদানের আগেই ওই শিক্ষিকা ঢাকায় চলে গেছেন, তবে নথিপত্র পর্যালোচনায় অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে, তদন্ত চলমান রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে তিনি আশাবাদী। নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব বলেন, তদন্ত চলমান রয়েছে এবং তাকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে; তবে ডেপুটেশনে ঢাকায় পদায়নের বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর করায় এ বিষয়ে অধিদপ্তরই বলতে পারবে। অন্যদিকে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া মন্তব্য করেন, সবেতন, বিনাবেতন বা মাতৃত্বকালীন—কোনো ক্যাটাগরি মিলিয়েই একজন সরকারি কর্মচারীর এত ছুটি নেওয়ার বিধান নেই, তাই ছুটি মঞ্জুরে নিশ্চয়ই অনিয়ম হয়েছে এবং এ বিষয়ে উচ্চতর পর্যায়ের তদন্ত হওয়া উচিত।
নিজস্ব প্রতিবেদক 























