কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ নুরুল ইসলাম একমাত্র জীবনসঙ্গিনীকে হারিয়ে চরম নিঃসঙ্গতায় দিন কাটাচ্ছেন। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তার স্ত্রী দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভোগার পর ইন্তেকাল করেন। স্ত্রীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন নুরুল ইসলাম। তিনি নিজেও নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবং কর্মক্ষমতা হারিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ও তার স্ত্রী অন্যের জমিতে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। দীর্ঘদিন ধরেই তারা মানবেতর জীবনযাপন করছিলেন। স্ত্রীর মৃত্যুর পর তার অসহায়ত্ব আরও প্রকট হয়ে ওঠে। দৈনন্দিন খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করাও তার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে পবিত্র রমজান মাসকে সামনে রেখে তার পাশে দাঁড়ায় মানবিক সংগঠন আলহেরা ফাউন্ডেশন। সংগঠনের সদস্যরা তার বাড়িতে গিয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন, খোঁজখবর নেন এবং সান্ত্বনা প্রদান করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও নুরুল ইসলামের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদের তার পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মামুন চৌধুরী, রাজারহাট, কুড়িগ্রাম 





















