সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ হলরুম, গোয়াইনঘাট-এ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপজেলার সার্বিক উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন ও গোয়াইনঘাট উপজেলায় দুইটি দিঘিতে ওয়াকে করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারিকে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “আমাকে এখন ফুল দেওয়ার কোনো দরকার নেই। যখন গোয়াইনঘাটের রাস্তাঘাটের দৃশ্যমান উন্নয়ন হবে, সাধারণ মানুষ সুফল পাবে—তখনই আমি আপনাদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নেব।”
তিনি আরও বলেন, গোয়াইনঘাটের টেকসই উন্নয়নে সরকার বদ্ধপরিকর। শ্রমিকদের অধিকার সুরক্ষা, দক্ষ জনশক্তি তৈরি এবং প্রবাসগামী কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় পর্যায়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। সকলের সহযোগিতায় গোয়াইনঘাটকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উপস্থিত সুধিজনরা আশা প্রকাশ করেন, এ মতবিনিময় সভার মাধ্যমে উপজেলার চলমান সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তব অগ্রগতি দৃশ্যমান হবে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভা শেষ হয় দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে।
শামীম আহমদ - সিলেট 





















