সোমবার হঠাৎই একাধিক রহস্যময় ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করে চাঞ্চল্য ছড়ান জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। সেখানে তিনি ইঙ্গিত দেন, মিউজিক ইন্ডাস্ট্রির পাশাপাশি ব্যক্তিগত জীবন থেকেও বিরতি নেওয়ার কথা ভাবছেন তিনি। নেহার এমন বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, শুরু হয় নানা জল্পনা।
নেহা লেখেন, “সবকিছু থেকে বিরতি নেওয়ার কথা ভাবছি।
আর কোনোদিন ফিরব কিনা জানি না!” এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে—তাহলে কি ছয় বছরের ছোট স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনে ভাঙন ধরেছে? অসমবয়সি বিয়েতে কি সুখী নন নেহা?
জল্পনা তুঙ্গে উঠতেই ড্যামেজ কন্ট্রোলে নামেন গায়িকা নিজেই। আরও একটি স্টোরিতে তিনি লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ—সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। এই মুহূর্তে বিরতি নেওয়া ছাড়া আর কিছু ভাবতে পারছি না।” এই বক্তব্য থেকেই অনেকের ধারণা, মানসিকভাবে ভেঙে পড়েছেন নেহা।
তবে স্বামী ও পরিবারকে কেন্দ্র করে চলা গুঞ্জনে স্পষ্টভাবে আপত্তি জানান নেহা কক্কর। তাঁর সাফ মন্তব্য, “দয়া করে আমার স্বামী আর পরিবারকে এই সবকিছুর মধ্যে জড়াবেন না। আমার স্বামী সম্পূর্ণ নিরীহ। আমার পরিবারই আমার শক্তি।
আজ আমি যা কিছু, তা শুধুমাত্র ওদের পাশে থাকার কারণেই সম্ভব হয়েছে।”
তাহলে কিসের জন্য নেহার চোখে জল? সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন গায়িকা। নেহার কথায়, “আমি আসলে কিছু মানুষ এবং এই সিস্টেমের ওপর ক্ষুব্ধ। আশা করি আপনারা বিষয়টি বুঝবেন এবং আমার স্বামী-পরিবারকে এই আলোচনা থেকে দূরে রাখবেন।”
এদিকে, আবেগপ্রবণ পোস্ট ঘিরে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন—এটা কি নেহা কক্করের নতুন কোনো ‘পাবলিসিটি স্টান্ট’?
এই কটাক্ষের জবাবে নেহা বলেন, “আমি স্বীকার করছি, সোশ্যাল মিডিয়ায় এতটা আবেগপ্রবণ হওয়া উচিত হয়নি।
তখনকার মানসিক অবস্থার কারণেই পোস্টগুলো করেছিলাম। তবে এতে যদি অযথা উদ্বেগ তৈরি হয়ে থাকে, তার জন্য আমি দুঃখিত।”
সব মিলিয়ে, ডিভোর্সের জল্পনায় আপাতত ইতি টানলেও নেহা কক্করের হঠাৎ বিরতির সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে—ঠিক কোন চাপ বা অভিমানে ‘নির্বাসনে’ যেতে চাইছেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা?
বিনোদন ডেস্ক 

























