আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ভারতে চলমান বৈরী পরিস্থিতির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমতাবস্থায় ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার যে পরিকল্পনা বিসিবি করছে, তাতে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় বোর্ড এই প্রস্তাব বাস্তবায়নকে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’ বা প্রায় অসম্ভব বলে অভিহিত করেছে।
সম্প্রতি ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া মুস্তাফিজুর রহমানকে ‘সামগ্রিক পরিস্থিতি’ বিবেচনায় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে ছেড়ে দেওয়া হয়। এর পরপরই নড়েচড়ে বসে বাংলাদেশ সরকার ও বিসিবি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিসিবিকে নির্দেশ দিয়েছেন আইসিসিকে লিখিতভাবে জানাতে যে, যেখানে চুক্তিবদ্ধ একজন খেলোয়াড় নিরাপদ নন, সেখানে জাতীয় দল কতটা নিরাপদ—তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানাতে বলা হয়েছে।
তবে বিসিবির এই সম্ভাব্য প্রস্তাবের বিষয়ে সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, শেষ মুহূর্তে এমন পরিবর্তন আনা প্রায় অসম্ভব। সূত্রটি বলে, ‘‘কারও ইচ্ছামতো হুট করে ভেন্যু বদলানো যায় না। এটি একটি লজিস্টিক দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলগুলোর হোটেল বুকিং, বিমানের টিকিট এবং সম্প্রচারকারী দলের সময়সূচি—সবই চূড়ান্ত হয়ে গেছে। মুখে বলা যতটা সহজ, বাস্তবে এটা করা ততটাই কঠিন।’’
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা। আর ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচটি রয়েছে মুম্বাইয়ে। এখন আইসিসি ও বিসিসিআই বাংলাদেশের এই নিরাপত্তা শঙ্কাকে কতটা গুরুত্ব দেয়, সেটাই দেখার বিষয়।
ক্রীড়া ডেস্ক 

























