সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসেই ভারত ও শ্রীলংকার মাটিতে পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এর দর্শকপ্রিয়তা ও মান নিয়ে শঙ্কা প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার মতে, এবারের বিশ্বকাপ দেখার আগ্রহ দর্শকরা হারিয়ে ফেলতে পারেন।
নিজের ইউটিউব চ্যানেলে এক বিশ্লেষণে অশ্বিন বলেন, ‘‘আমার মনে হয় না এবার কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেভাবে দেখবে। শুরুর দিকের ম্যাচগুলোর দিকে তাকালেই বোঝা যায়। ভারত খেলছে যুক্তরাষ্ট্র বা নামিবিয়ার বিপক্ষে! দর্শকদের কাছে এসব ম্যাচের কোনো আকর্ষণ থাকে না। যদি প্রথম দিকেই ইংল্যান্ড বা শ্রীলংকার মতো প্রতিপক্ষের সঙ্গে খেলা থাকত, তবে উত্তেজনা বজায় থাকত।’’
অশ্বিন মনে করেন, বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর ফলে প্রতিযোগিতার মান পড়ে গেছে এবং বড় ও ছোট দলের মধ্যে ব্যবধান অনেক বেড়ে গেছে। ভারসাম্যহীন এসব ম্যাচ টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট করছে।
ঘন ঘন আইসিসি ইভেন্ট আয়োজনেরও কঠোর সমালোচনা করেন এই তারকা ক্রিকেটার। তিনি বলেন, ‘‘আগে চার বছর পর পর বিশ্বকাপ হতো, যার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত। কিন্তু এখন প্রায় প্রতি বছরই কোনো না কোনো বিশ্বকাপ হচ্ছে। এতে টুর্নামেন্টের কৌলীন্য ও দর্শকদের আগ্রহ—দুটোই নষ্ট হচ্ছে।’’
শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘‘১৯৯৬, ১৯৯৯ বা ২০০৩ বিশ্বকাপের সময় আমরা কতটা উত্তেজনায় থাকতাম! দেয়ালে সূচি টানাতাম, কার্ড সংগ্রহ করতাম। কিন্তু এখন একঘেয়েমিতে ক্রিকেটপ্রেমীরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। বিশ্বজুড়ে ক্রিকেট ছড়াতে গিয়ে বিশ্বকাপের মান বিসর্জন দেওয়া ঠিক হচ্ছে না।’’
ভবিষ্যৎ ক্রিকেট নিয়ে শঙ্কা প্রকাশ করে অশ্বিন বলেন, ‘‘জানি না আগামী বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ কী হবে। খেলোয়াড়দের মানসিকতাও এখন আর ৫০ ওভারের ম্যাচের মতো নেই।’’
ক্রীড়া ডেস্ক 

























