জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃত্বে ফের ভাঙন। এবার দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকেলে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দল ছাড়ার ঘোষণা দিলেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন মুরসালীন। তিনি বলেন, ‘‘আজ আমি জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছি। তবে এনসিপি ছাড়লেও রাজনীতি থেকে আমি পদত্যাগ করছি না। রাজপথেই আবার দেখা হবে।’’
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন, ‘‘আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। পাশাপাশি দলের মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলেও কাজ করেছি।’’
মুরসালীন আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে তিনি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তবে আজ থেকে তিনি এনসিপির সব ধরনের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন।
হঠাৎ কেন এই পদত্যাগ, সে বিষয়ে বিস্তারিত কিছু না বললেও তার এই সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 





















