বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রচিত হলো এক নতুন ইতিহাস। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণের গৌরব অর্জন করল বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল। মালদ্বীপের রাজধানী মালেতে শুরু হওয়া ‘উইমেন্স সিএভিএ কাপ ২০২৫’-এর মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন বাংলার নারীরা।
সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (সিএভিএ) আয়োজিত এই টুর্নামেন্টের পর্দা উঠেছে গত শনিবার (২০ ডিসেম্বর)। জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চার জাতির এই টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, আফগানিস্তান ও কিরগিজস্তানের জাতীয় নারী ভলিবল দল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের স্পোর্টস কমিশনার মোহাম্মদ থোলাল। বিশেষ অতিথি হিসেবে গ্যালারিতে উপস্থিত থেকে দলের উৎসাহ বাড়ান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. নাজমুল ইসলাম। এছাড়া সিএভিএ ও মালদ্বীপ ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহামেদ লতীফসহ অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আজ রবিবার মালদ্বীপের সোশ্যাল সেন্টারে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
হাইকমিশনার ড. নাজমুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘‘বাংলাদেশ সরকার নারীর ক্ষমতায়ন ও যুব উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে মেয়েদের এই অংশগ্রহণ তারই প্রতিফলন। এই টুর্নামেন্ট অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে।’’
ক্রীড়া ডেস্ক 






















