জেমস ক্যামেরনের জাদুকরী দুনিয়া ‘প্যান্ডোরা’ আবারও বড় পর্দায় ঝড় তুলেছে। সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে দাপট দেখাতে শুরু করেছে। উত্তর আমেরিকায় ছুটির আমেজের কারণে প্রত্যাশার চেয়ে আয় কিছুটা কম হলেও আন্তর্জাতিক বাজারে সিনেমাটির ব্যবসায়িক সাফল্য নিয়ে কোনো সংশয় নেই বিশ্লেষকদের।
টুয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওজের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার বক্স অফিসে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি প্রায় ৮৮ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে। এর মধ্যে কেবল শনিবারেই (২০ ডিসেম্বর) টিকিট বিক্রি থেকে এসেছে ২৮ মিলিয়ন ডলার। বিশ্লেষকরা বলছেন, উৎসবের মৌসুমে মানুষের ভ্রমণ ও পারিবারিক ব্যস্ততার কারণে আগের কিস্তি ‘দ্য ওয়ে অফ ওয়াটার’-এর তুলনায় এবারের শুরুটা কিছুটা ধীরগতির।
তবে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে জেমস ক্যামেরনের সৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে প্রথম সপ্তাহান্তেই সিনেমাটির মোট আয় ৩৪০ থেকে ৩৫০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বিশেষ করে চীনের বাজারে ‘অ্যাভাটার ৩’ একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। সেখানে বক্স অফিস চার্টের শীর্ষে থাকা সিনেমাটি ইতিমধ্যে ৫২ মিলিয়ন ডলার আয় ঘরে তুলেছে।
এবারের কিস্তিতে দর্শকদের জন্য বড় চমক হিসেবে রয়েছে না’ভিদের নতুন ও হিংস্র গোত্র ‘অ্যাশ পিপল’ বা আগুনের মানুষ। তাদের সঙ্গে জেক সালি ও তার পরিবারের সংঘাত ও টিকে থাকার লড়াই দর্শকদের মুগ্ধ করছে।
বিনোদন ডেস্ক 

























