বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল ও অভিনেত্রী নোরা ফাতেহি মুম্বাইয়ের সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। মার্কিন ডিজে ডেভিড গেটার কনসার্টে যোগ দিতে যাওয়ার পথে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি আহত হন। পুলিশ জানিয়েছে, ঘাতক ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনায় নোরার মাথায় আঘাত লেগেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘কনকাশন’ হিসেবে পরিচিত।
সানবার্ন ফেস্টিভ্যালে বিশ্বখ্যাত ডিজে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করার কথা ছিল নোরার। সেই উদ্দেশ্যেই তিনি অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ একটি নিয়ন্ত্রণহীন গাড়ি তার গাড়িকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পরপরই নোরাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যানসহ জরুরি সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সৌভাগ্যবশত তার শরীরে কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা বড় ধরনের ফ্র্যাকচার হয়নি। তবে মাথায় প্রচণ্ড ঝাঁকুনি লাগার কারণে তাকে পূর্ণ বিশ্রামে থাকার কড়া পরামর্শ দেওয়া হয়েছে।
তবে শারীরিক অসুস্থতা এবং চিকিৎসকদের বারণ সত্ত্বেও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এই তারকা। ভক্তদের হতাশ না করতে তিনি সানবার্ন ফেস্টিভ্যালের মঞ্চে ওঠার সিদ্ধান্তে অটল রয়েছেন। এই কনসার্টেই ডেভিড গেটা এবং মার্কিন গায়িকা সিয়ারার সঙ্গে তার নতুন আন্তর্জাতিক গানের টিজার প্রকাশ করার কথা রয়েছে।
সম্প্রতি নোরার ক্যারিয়ারে সাফল্যের নতুন পালক যুক্ত হয়েছে। প্রথম বলিউড তারকা হিসেবে তিনি জনপ্রিয় মার্কিন টক শো ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন। সেখানে জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।
মিউজিক ভিডিওর পাশাপাশি বড় পর্দাতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন নোরা। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’ এবং ‘কেডি: দ্য ডেভিল’। এছাড়া ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’-এ তাকে দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।
বিনোদন ডেস্ক 

























