প্রান্তিক মানুষের দোরগোড়ায় সঠিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ইউএনও হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) ও অন্তর্বিভাগ (ইনডোর) ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন। এছাড়া রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান যাচাই করতে তিনি হাসপাতালের রান্নাঘর ও খাবার প্রস্তুতের স্থানও পরিদর্শন করেন।
এ সময় তিনি চিকিৎসক ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ইউএনও মেজবাহ উদ্দিন বলেন, ‘‘প্রশাসনের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কালুখালীর মানুষ যাতে সহজে ও ভোগান্তিহীনভাবে উন্নত চিকিৎসা পায়, সে জন্য প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।’’
পরিদর্শনের সময় ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. নাহিদা ইয়াসমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীম এবং পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আনোয়ারুল ইসলাম, স্টাফ রিপোর্টার 




















