বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৩৮ বছর ২৯৯ দিন বয়সে পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হলো আসিফ আফ্রিদির। যে বয়সে অধিকাংশ ক্রিকেটার খেলা ছেড়ে দেন, সেই বয়সে সাদা পোশাকের ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ হলো এই বাঁহাতি স্পিনারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে আজ পাকিস্তানের হয়ে একাদশে আছেন তিনি।
এই অভিষেকে আসিফ আফ্রিদি পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বয়সী টেস্ট অভিষিক্ত ক্রিকেটার হয়ে গেলেন। তার চেয়ে বেশি বয়সে টেস্ট খেলেছেন কেবল মিরান বখশ (৪৭ বছর ২৮৪ দিন) এবং আমির ইলাহি (৪৪ বছর ৪৫ দিন)।
দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে আসছিলেন আসিফ। ২০০৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে ৫৭ ম্যাচে ১৯৮টি উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্যে ১৩ বার ইনিংসে পাঁচ উইকেট এবং দুবার ম্যাচে দশ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্কোয়াডে থাকলেও, লাহোরে তার মাঠে নামা হয়নি। তবে দ্বিতীয় টেস্টে রাওয়ালপিন্ডির মাঠে নেমেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন পেশোয়ারে জন্ম নেওয়া এই ক্রিকেটার।
ক্রীড়া ডেস্ক 
























