রাজবাড়ীর কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগজানা মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী চৌধুরী ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাত জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার 





















