রাজধানীর বংশাল থানার নাজিরাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে মো. নাঈম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত নাঈম দর্জির কাজ করতেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঈমকে ঢামেকে নিয়ে আসা রাকিব মিয়া বলেন, নাঈম নাজিরা বাজার চৌরাস্তার নার্স কমপ্লেক্সের ৭ম তালায় বসবাস করতেন। সেখানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাঈম ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার সরিষাবাজার এলাকার হেজমত আলীর সন্তান। কর্মসূত্রে তিনি নাজিরা বাজারে বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
ঢামেক প্রতিবেদক 






















