বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব একটি নির্বাচন করা। তারা নির্বাচনের ব্যাপারেও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নেই- সকাল বিকাল শুধু সংস্কার আর সংস্কার বলছেন।
মঙ্গলবার বিকালে জেলা শহরের রাজবাড়ি মাঠে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত নিত্য পন্যে ও মূল্যবৃদ্ধির সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিতে দ্রুত গনতান্ত্রিক যাত্রা পথে উত্তরনের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষনা, ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের দায়িত্ব ছিল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করা, তবে তাদের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভঙ্গুর, তাদের কাছ থেকে জনগণের দাবি পূরণ করার কোনো রোডম্যাপ পাওয়া যায়নি।
গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, গণতন্ত্রের প্রশ্নে আমাদের নেত্রী খালেদা জিয়া কখনো আপোষ করেননি। তিনি শুধু বিএনপির নেতা নন, তিনি ১৮ কোটি মানুষের নেত্রী। যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসবে। আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি, একতরফা নির্বাচন নয়। বর্তমানে দ্রব্যমূল্য অত্যন্ত উচ্চ, কিন্তু যারা উৎপাদন করছে তারা ন্যায্যমূল্য পাচ্ছে না। বাজার ব্যবস্থার সিন্ডিকেট এখনও বিদ্যমান, যার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ সরকার গ্রহণ করছে। গয়েশ্বর চন্দ্র রায় সরকারের প্রতি আহ্বান জানান যে, তারা যেন দ্রুত সুষ্ঠু নির্বাচন প্রদান করেন, যাতে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করতে পারে।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সঞ্চালনায় বক্তব্যে রাখেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান সহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আশরাফুল আলম সরকার স্টাফ রিপোর্টার 





















