জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও ব্যাটারী চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও তিনজন গুরুতরভাবে আহত হয়েছে। শুত্রবার (৯ জুন) দুপুরে ওই ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতহতদের বাড়ি জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ইটাইল গ্রামে।
জানা যায়, শুক্রবার দুপুরে জুম’আর নামাজ পড়ার উদ্দেশ্যে বেশ কয়েকজন মসুল্লী অটোরিক্সাযোগে নুরুন্দি ইটাইল থেকে পার্শ্ববর্তী গ্রামে একটি মসজিদে যাচ্ছিলেন। অটোরিক্সাটি জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে উঠার পর বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি দ্রুতগামী ট্রাক অটোরিক্সাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে পাশের একটি ধান ক্ষেতে পরে যায়।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ইটাইল এলাকার ইউসুফ আলীর ছেলে সোলায়মান(৫৫) ও একই এলাকার সদর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮)কে মৃত ঘোষনা করেন।
এসময় গুরুতর আহত একই এলাকার হানিফ(৫৮), শফিকুল(৫৫), খলিল(৬০), সাহেদ আলী(৫৫) ও জয়নাল(৪২)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে জয়নাল ও সাহেদ আলীও মারা যান। নিহত অটোরিক্সার চালক জয়নাল ওই এলাকার সোবাহান আলীর ছেলে এব নিহত সাহেদ আলী একই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জামালপুর সদর থানার ওসি কাজী শাহ্নেওয়াজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল, জামালপুর 























