চট্টগ্রাম নগরের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাস পরিদর্শন ও অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ ঘটনা ঘটে।
এতে ছাত্রশক্তির মহসিন কলেজ শাখার আহ্বায়ক আব্দুল বাসির নাঈম, মুখ্য সংগঠক মাইন উদ্দিন, কলেজ শিক্ষার্থী সাইফুর রহমান সাগর ও রাকিবসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
এ ঘটনার প্রতিবাদে বিকেলে কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি ছাত্রশিবিরকে ‘গুপ্ত রাজনীতি’ ছেড়ে প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানান।
খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা নতুন বাংলাদেশে আর ছাত্ররাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাই না। আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে আবারও একক আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। কোনো সংগঠন ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তারের চেষ্টা করলে আমরা শক্ত হাতে প্রতিরোধ করব।’
ছাত্রশিবিরের উদ্দেশে তিনি বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে আপনারা গুপ্ত রাজনীতি থেকে মুক্ত রাজনীতি করার স্বাধীনতা পেয়েছেন। তাহলে এখনো কেন গুপ্ত রাজনীতি করতে হবে? আপনাদের যদি সেই সৎ সাহস না থাকে, আমাদের বলেন। আমরা পেছন থেকে সহযোগিতা করব। নতুন বাংলাদেশে গুপ্ত রাজনীতি করে কোনো ক্যাম্পাসে একক আধিপত্য তৈরি করবেন, সেই আধিপত্য আমরা মানব না।’
মহসিন কলেজে ছাত্রশক্তির নেতাকর্মীরা যতদিন থাকবেন, ততদিন কোনো সংগঠনকে একক আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন রাফি। তিনি বলেন, ‘ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করে টিকে থাকতে পারেনি। কোনো ছাত্রনেতা বা সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড করে টিকে থাকতে পারবে না।’
ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পাসে ভিন্ন ভিন্ন কৌশলে রাজনীতি করার অভিযোগ তুলে রাফি বলেন, যেখানে তাদের অবস্থান শক্ত, সেখানে প্রকাশ্যে রাজনীতি করে। আর যেখানে অবস্থান দুর্বল, সেখানে বিভিন্ন ব্যানারে, নামে-বেনামে ওয়েলফেয়ার পলিটিকসের আড়ালে রাজনীতি করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার হরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের রাজনীতি করার অধিকার রয়েছে। কেউ সেই অধিকার খর্ব করতে চাইলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। এ জন্য দেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও ছাত্রসংগঠনগুলোকে এক কাতারে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে গুপ্ত রাজনীতি করলে বুঝতে হবে, আপনারা বাংলাদেশ নিয়ে ভাবেন না, নিজেদের স্বার্থ নিয়েই ভাবেন। আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আপনারা আসেন, কথা বলেন; কিন্তু গুপ্ত রাজনীতি ছেড়ে দেন। জাতীয় ছাত্রশক্তি যত দিন রাজনীতিতে আছে, তত দিন আপনাদের এই গুপ্ত রাজনীতি মেনে নেবে না।’
হামলার বিষয়ে সব তথ্যপ্রমাণ তাদের কাছে রয়েছে দাবি করে রাফি বলেন, হামলায় জড়িত ব্যক্তিরা ক্যাম্পাসে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বাইরে নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন ব্যানারে কার্যক্রম চালান। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্যপ্রমাণ উপস্থাপনের কথাও জানান তিনি।
এর আগে মঙ্গলবার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী, চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক রশিদ দিনার ও সদস্যসচিব আবদুর রহমান মহসিন কলেজে যান। সংগঠনটির দাবি, নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে তারা ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করতে গিয়েছিলেন। এ সময় ছাত্রশিবিরের পরিচিত নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক পরিচয় গোপন করে তাদের কার্যক্রমে বাধা দেন এবং একপর্যায়ে হামলা চালান।
এ ঘটনায় জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর শাখা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই দিন দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির আওতায় আনার জন্য কলেজ প্রশাসনের প্রতি দাবি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবির সারাদেশে বেনামে ছাত্ররাজনীতির বিরোধিতার কথা বললেও নিজেরা গোপনে রাজনীতি করছে এবং ভিন্নমতের ওপর হামলা চালাচ্ছে। এই দ্বিচারিতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় সংগঠনটি।
ছাত্রশিবিরের প্রতি সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্ত্রাসের রাজনীতি ছেড়ে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার অনুযায়ী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।
নিজস্ব প্রতিবেদক 
























