ফেনীর কৃতী সন্তান ড. মোহাম্মদ আবদুল কাদের কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের কাব্যে আরবি শব্দের ব্যবহার ও ইসলামী ঐতিহ্যের প্রতিফলন নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ ডিগ্রি প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ১৩৩তম একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে গত ১ নভেম্বর অনুষ্ঠিত ২৭৫তম সিন্ডিকেট সভায় তাঁর পিএইচডি ডিগ্রি অনুমোদন দেওয়া হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলে তাঁর গবেষণাকর্মটি সুপারিশ করা হয়।
‘কবি আল মাহমুদের কাব্যে আরবি শব্দের ব্যবহার ও ইসলামী ঐতিহ্যের প্রতিফলন’ শীর্ষক অভিসন্দর্ভে আল মাহমুদের কবিতায় আরবি শব্দের প্রয়োগ, এর সাহিত্যিক তাৎপর্য এবং কবিতায় প্রতিফলিত ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে।
মেধাবী এই গবেষক বর্তমানে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবস্থিত জৈতুন নাহার কাদের মহিলা কলেজে ইসলাম শিক্ষা বিষয়ে অধ্যাপনা করছেন। এর আগে তিনি ফেনীর এনায়েত উল্লাহ মহিলা কলেজের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. মোহাম্মদ আবদুল কাদের ফেনী সদর উপজেলার লস্করহাট এলাকার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মো. আবদুর রউপ এবং মা মাসুমা খাতুন। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
নিজের গবেষণার বিষয়ে ড. আবদুল কাদের জানান, বাংলা সাহিত্যে আল মাহমুদের কাব্যভাষায় আরবি শব্দের ব্যবহার কীভাবে স্বতন্ত্র মাত্রা সৃষ্টি করেছে এবং তাঁর কবিতায় ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি কীভাবে প্রতিফলিত হয়েছে, তা অনুসন্ধান করাই ছিল এ গবেষণার মূল উদ্দেশ্য।
তাঁর এ অর্জনে ফেনীর শিক্ষানুরাগী, সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাঁর গবেষণা ও শিক্ষামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং তাঁর অর্জন নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় অনুপ্রাণিত করবে।
মুস্তাফা মুহিত-ফেনী 




















