বলিউডের পরিচিত খল অভিনেতা মুকেশ ঋষি এবার ঢাকার সিনেমায় অভিনয় করছেন। এমডি ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে এসেছেন এই অভিনেতা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান তিনি।
বিমানবন্দরে মুকেশ ঋষিকে ফুল দিয়ে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। এ সময় অভিনেতার হাতে ফুলের তোড়া তুলে দেন তিনি। পরে দুজনকে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায়।
আরশাদ আদনানের গল্প ভাবনায় নির্মিত হচ্ছে ‘নসিব’। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে খলচরিত্রে দেখা যাবে মুকেশ ঋষিকে। শুটিংয়ের অংশ হিসেবে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে যাওয়ার কথা রয়েছে তাঁর।
নব্বইয়ের দশক থেকে বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি গড়ে তোলেন মুকেশ ঋষি। দীর্ঘ অভিনয়জীবনে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া সালমান খানের সঙ্গে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।
বিনোদন ডেস্ক 

























