রংপুর নগরীতে ক্যাডেট কোচিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা শিক্ষার্থী পরিবহনের একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোড় এলাকায় পর্যটন মোটেলের সামনে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের পার্কিং স্থানে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির ইঞ্জিন, আসনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যায়।
কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, ২২ বছর ধরে তিনি রংপুরে শিক্ষকতা করছেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য কষ্টার্জিত অর্থ দিয়ে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ২৮ আসনের বাসটি কিনেছিলেন। এই বাসে প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন আবাসিক শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করত।
তিনি বলেন, মঙ্গলবার শিক্ষার্থীদের পরিবহন শেষে প্রতিদিনের মতো বাসটি কোচিং সেন্টারের সামনের নির্ধারিত গ্যারেজে রাখা হয়েছিল। ভোররাতে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, দীর্ঘদিনের পরিশ্রমে কেনা বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরও বলেন, এভাবে বাসটি পুড়িয়ে দেওয়ায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বাসচালক আখতার হোসেন জানান, দীর্ঘদিন ধরে তিনি বাসটি চালিয়ে আসছেন। এভাবে বাসটি পুড়িয়ে দেওয়ার ঘটনায় তিনি হতবাক। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
কোচিং সেন্টারের শিক্ষক শিপন মিয়া বলেন, তাঁর বাসা কোচিং সেন্টারের পাশেই। ভোররাতে চিৎকার ও হৈচৈ শুনে ঘর থেকে বের হয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী পাশের মাদ্রাসার শিক্ষক এনামুল হক বলেন, গভীর রাতে মাদ্রাসার পাশ থেকে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান তিনি। তবে কারা আগুন দিয়েছে, তা তিনি দেখতে পাননি।
এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় সংঘটিত নাশকতার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মো. রাকিবুল হাসান পরাগ-স্টাফ রিপোর্টার 
























