লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৫১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। চন্দ্রগঞ্জ থানা ভবনের পশ্চিম পাশে ৫ নম্বর হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের মতে, চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিষ্ঠার পর এ অঞ্চলের মানুষের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রস্তাবিত স্থানে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হলে চন্দ্রগঞ্জ উপজেলাসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন। বিশেষ করে জরুরি চিকিৎসা, মাতৃস্বাস্থ্য, প্রসূতিসেবা এবং দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সম্প্রতি দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। জরুরি চিকিৎসাসেবা, মাতৃ ও প্রসূতিসেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসাসেবা আরও উন্নত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতের কাজও সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
এ অবস্থায় নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের স্থান নির্ধারণের ক্ষেত্রে জনস্বার্থ, যোগাযোগব্যবস্থা, সরকারি জমির প্রাপ্যতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তাঁদের প্রত্যাশা, চন্দ্রগঞ্জ থানা ভবনের পশ্চিম পাশে শিবপুর মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে এলাকার সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী জেলা বা বড় শহরের হাসপাতালে ছুটতে হবে না।
স্থানীয় জনগণের দাবি, স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের স্থান নির্ধারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, বরং বৃহত্তর জনস্বার্থ ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তাঁরা।
হুমায়ুন কবির-নিজস্ব প্রতিবেদক 
























