চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, চকো ডিএক্স সিরাপ ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।
একই দিন রাত ৯টা ৫০ মিনিটের দিকে ফতেপুর বিওপির টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এ ছাড়া বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালিয়ে আরও ১০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।
বিজিবি জানায়, তিনটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মোঃ জাহিদ হাসান-চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
























