রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গুজিপাড়ায় দুপুর ১টা ৪৫ মিনিটে বুলডোজারের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
পরিবেশ অধিদপ্তরের অভিযানে মুহূর্তেই গুঁড়িয়ে দেওয়া হয় মোয়াজ্জেম মেম্বারের ভাটা (MUM) ও ফারুক মণ্ডলের ভাটার (MFM) অবৈধ ফিক্সড চিমনি।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. মলিন মিয়া, পরিদর্শক মনসুরা বেগম ও পরিদর্শক মো. মাসউদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন এসআরবি, রংপুর জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মী ও গণমাধ্যমকর্মীরা।
অভিযান চলাকালে পাশাপাশি থাকা আব্দুস সালামের ফিক্সড চিমনির ভাটাটি মালিকপক্ষ ও স্থানীয় জনগণের অনুরোধে ভেঙে না দিয়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ঘটনাস্থলেই আদায় করেন অভিযানে আসা কর্মকর্তারা।
এ সময় কর্মকর্তারা বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে স্পষ্ট বার্তা দেওয়া আছে—অবৈধ ইটভাটা এবং ফিক্সড চিমনি পরিবেশের জন্য হুমকি। তাই সারা বাংলাদেশে এ অভিযান চলমান ও অব্যাহত থাকবে।’
কিন্তু গল্পটা এখানেই শেষ নয়।
৫ হাজার শ্রমিকের প্রশ্ন—আমাদের সংসার চলবে কীভাবে?
অবৈধ ফিক্সড চিমনির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, স্থানীয়দের ক্ষোভ—‘ভাটা ভাঙলেন, বিকল্প দিলেন কই?’
ভাটা ভাঙার পরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গণমাধ্যমকর্মীদের কাছে তাঁরা বলেন, ‘এই তিনটি ভাটায় ৫ হাজার লোকের কর্মসংস্থান। তাঁদের সংসার চলে এই ভাটায় কাজ করে। অনেকেরই বেসরকারি এনজিওতে ঋণ করা আছে। এখন তাঁরা কর্মহীন হয়ে পড়লেন। এলাকায় চুরি-ছিনতাই বেড়ে যাবে।’
ভাটার মালিকদের বক্তব্য আরও করুণ। তাঁরা বলেন, ‘আমরা অনেক বাকি-দেনা করে ভাটা চালু করেছি। সরকারি-বেসরকারি ডেভেলপমেন্টের কাজের জন্যই আমরা ইট সরবরাহ করে থাকি। একেকটি ইটভাটার পেছনে আমাদের অনেক খরচ। আমরা সবাই ঋণগ্রস্ত।’
তাঁদের প্রশ্ন, ‘সরকার প্রজ্ঞাপন জারি করেছে, ফিক্সড চিমনি চলবে না, জিগজ্যাগ করতে হবে। কিন্তু একটি জিগজ্যাগ চিমনি করতে গেলে নতুন করে ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ হবে, যা আবার সময়সাপেক্ষ ব্যাপার। আমাদের ভাটা যদি অবৈধই হতো, তাহলে আমরা এত বছর ধরে ভাটা চালাতাম কীভাবে? সরকারি অধিদপ্তর কেন ভাটা শুরুর প্রথমেই বন্ধ করে দেয়নি? আমরা-সহ যে ৫ হাজার কর্মী ক্ষতিগ্রস্ত হলাম, এর দায়ভার কে নেবে?’
প্রশ্ন এখন একটাই—পরিবেশ বাঁচাতে গিয়ে কি ৫ হাজার পরিবারকে পথে বসিয়ে দেওয়া হলো? নাকি সময়মতো জিগজ্যাগ চিমনিতে রূপান্তরের সুযোগ দিলে দুই পক্ষই বাঁচত?
এলাকাবাসীর দাবি, ভাটা ভাঙার আগে পুনর্বাসন ও সময় দেওয়া হোক। তা না হলে এই অভিযান পরিবেশ রক্ষার চেয়ে মানবিক বিপর্যয় ডেকে আনবে।
মো. রাকিবুল হাসান পরাগ-স্টাফ রিপোর্টার 
























