নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. সম্রাট ইসলাম (৩৭) নামে যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার ওয়ালিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সম্রাট ইসলাম উপজেলার ওয়ালিয়া আমিনপাড়া গ্রামের মৃত রহমত আলী ও মৃত আরেফা বেওয়ার ছেলে। তিনি ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গত ১৩ নভেম্বর লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
ওই মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে সম্রাট ইসলামকে গ্রেপ্তার করা হয়। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধিত ধারায় মামলাটি করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সম্রাট ইসলামকে ওয়ালিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রোববার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
মো. শিহাব উদ্দিন টোকন-স্টাফ রিপোর্টার, নাটোর 


















