চট্টগ্রামে অভিনব কৌশলে সোনা পাচারের সময় ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম সোনাসহ সুধীর কুমার ধর (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা সোনা দুটি কালো রঙের চাকতির ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল। চাকতি দুটি দেখতে অনেকটা গাড়ির গিয়ারের মতো। বাইরে থেকে দেখে সেগুলোর ভেতরে সোনা থাকার বিষয়টি বোঝার উপায় ছিল না।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন সুধীর কুমার ধরকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার সুধীর কুমার ধর একজন সোনা চোরাকারবারি। তিনি চট্টগ্রামের হাজারী গলি থেকে সোনাগুলো ঢাকার তাঁতীবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন আকবর শাহ থানার ওসি নাজের হোসাইন। এ সময় এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহসহ পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল।
এ ঘটনায় গ্রেপ্তার সুধীর কুমার ধরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আকবর শাহ থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
নিজস্ব প্রতিবেদক 





















