লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নে অবস্থিত মিল্লাত (সোনালী) ব্রিক ফিল্ড নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। ইটভাটায় দাদন হিসেবে বিনিয়োগ করা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন একদল পাওনাদার। অন্যদিকে, ইটভাটার নিলামপ্রক্রিয়া বৈধ বলে দাবি করেছেন নিলামগ্রহীতারা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ব্রিক ফিল্ড প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া পাওনাদাররা অভিযোগ করেন, তাঁরা বিভিন্ন সময়ে ওই ইটভাটায় দাদন হিসেবে টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু পাওনা টাকা ফেরত না পাওয়ায় তাঁরা মানববন্ধন করে টাকা ফেরতের দাবি জানান।
মানববন্ধন শেষে পাওনাদাররা চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিফার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পাওনা টাকা ফেরতসহ উদ্ভূত পরিস্থিতির বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পাওনাদারদের ইউএনও জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ছাড়পত্র ছাড়া কোনোভাবেই ইটভাটার কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। তবে পাওনাদারদের টাকা ফেরতের বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আর্থিক লেনদেনের বিষয়। এ ক্ষেত্রে প্রশাসনের সরাসরি কিছু করার নেই। প্রশাসন শুধু নিশ্চিত করবে, যাতে কোনোভাবেই অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালিত না হয়।
এদিকে, নিলামগ্রহীতারা ইটভাটার নিলামপ্রক্রিয়াকে বৈধ বলে দাবি করেছেন। ফলে ইটভাটার মালিকানা ও আর্থিক লেনদেন নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিরোধের বিষয়টি সামনে এসেছে।
স্থানীয়ভাবে এ বিরোধের সুষ্ঠু সমাধান এবং পাওনাদারদের পাওনা টাকা ফেরত পাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
হুমায়ুন কবির-নিজস্ব প্রতিবেদক 






















