কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মহিবুস সালাম খানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। হাসপাতালের টিকিট বিক্রি বাণিজ্য, কর্মচারী নিয়োগে কারসাজি, কেবিন বাণিজ্য, ঠিকাদারদের বিল আটকে কমিশন আদায় এবং ভুয়া মেডিকেল সার্টিফিকেট বিক্রির মতো ঘটনায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছয় লাখের বেশি মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই ডা. মহিবুস সালাম খান একটি লুটপাটের সিন্ডিকেট গড়ে তোলেন। বহির্বিভাগের টিকিট থেকে প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার এবং জরুরি বিভাগ থেকে ১০ হাজার টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। হাসপাতালের ২০২৪-২৫ অর্থবছরের কেনাকাটায় ২ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকার বরাদ্দের কাজ পায় ‘প্রেমসার্স স্বাধীন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সুমন মিয়া সব মালামাল সরবরাহ করলেও ১৫ শতাংশ কমিশন না দেওয়ায় তাঁর প্রায় ৩০ লাখ টাকার বিল চার মাস ধরে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন। এ ছাড়া ঠিকাদারদের খাদ্য, ধোপা ও স্টেশনারি খাতের বিল থেকেও ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।
হাসপাতালের একাধিক কর্মচারী ও সূত্র জানায়, সরকারি ওষুধ ও অ্যান্টিবায়োটিক মজুত থাকলেও তা রোগীদের না দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বাইরে বিক্রি করে দেওয়া হয়। এমনকি রোগীদের নিয়মিত বরাদ্দ করা খাবার থেকে প্রতিদিন সকালের নাশতা (দুধ, ডিম, ফলমূল), দুপুর ও রাতের খাবার ডা. মহিবুস সালাম খানের কোয়ার্টারে আলাদাভাবে পাঠাতে বাধ্য করা হয়, যার পেছনে প্রতিদিন চার থেকে সাড়ে চার শ টাকা অতিরিক্ত ব্যয় হয়। জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের জোরপূর্বক তাঁর আবাসিক কক্ষে পাঠিয়ে জনপ্রতি পাঁচ শ থেকে ছয় শ টাকা ভিজিট নেওয়ার অভিযোগও রয়েছে।
রাজামেহার গ্রামের মো. মহিবুল হাসানের অভিযোগ অনুযায়ী, ৫০ হাজার টাকার বিনিময়ে ডা. মহিবুস সালাম খান, আরএমও ডা. কবির এবং ডা. সাইফুল ইসলাম শুভ—এই তিনজনের একটি সিন্ডিকেট প্রতিপক্ষকে একটি ভুয়া মেডিকেল সার্টিফিকেট প্রদান করে, যার সত্যতা সিভিল সার্জন কার্যালয়ের তদন্তেও প্রমাণিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগ না দিয়ে যন্ত্রাংশ নষ্টের অজুহাত দেখিয়ে রোগীদের উচ্চ মূল্যে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারে বাধ্য করা হয়।
অনুসন্ধানে আরও জানা যায়, এর আগে ২০২৩ সালে নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের সময়ও তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ওই সময় তাঁর বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছিল।
সব অভিযোগ অস্বীকার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম খান বলেন, আমি কোনো লুটপাট করিনি। আমি সরকারি দায়িত্ব পালন করি। জরুরি বিভাগের কোনো রোগী আমি দেখি না। এটা মিথ্যা কথা। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির বলেন, সরকারি হাসপাতালে ওষুধের কোনো সংকট নেই। নিয়মবহির্ভূতভাবে কেউ জোর করে কিছু নিলে বা বিল আটকে রাখার লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য বাস্তবায়ন কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে কমিশন বাণিজ্য, চিকিৎসাসামগ্রী সরবরাহে অনিয়ম ও নিয়োগপ্রক্রিয়াসহ কয়েকটি অভিযোগ আমার কাছে এসেছে। বিষয়গুলো আমার নজরে রয়েছে।
এ বিষয়ে জানতে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মহিবুস সালাম খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিন কল রিসিভ করেন নি।
নিজস্ব প্রতিবেদক 






















