চট্টগ্রাম রেলওয়েকে ঘিরে টেন্ডারবাজি, ইজারা সিন্ডিকেট এবং বিশাল পরিসরে জমি দখলের একচ্ছত্র সাম্রাজ্য গড়ে তুলেছেন প্রভাবশালী ঠিকাদার শাহ আলম। রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের অবস্থান বদলে বিভিন্ন মহলের সঙ্গে সখ্য গড়ে তুলে তিনি রেলওয়ের জমি, মার্কেট, পার্কিং এবং হোটেল ব্যবসার ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রেলওয়ের সম্পদের এই দখলদারিত্ব নিয়ে ইতোমধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক ছত্রচ্ছায়া ও সিন্ডিকেটের উত্থান: কুমিল্লার বাসিন্দা হলেও শাহ আলমের বেড়ে ওঠা চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায়। অতীতে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে রাজনৈতিক পালাবদলের সুযোগ নিয়ে তিনি আওয়ামী লীগ সরকারের পুরো সময়জুড়ে যুবলীগ নেতাদের একটি প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ এবং বড় অঙ্কের আর্থিক অনুদান প্রদানের মাধ্যমেই মূলত তিনি এই আধিপত্যের ভিত্তি তৈরি করেন। তৎকালীন সময়ে পলাতক শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর এবং সুনীলের সঙ্গে তাঁর সখ্য গড়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে। এসব রাজনৈতিক যোগাযোগ ও অপরাধী চক্রের প্রভাব কাজে লাগিয়েই তিনি মূলত রেলওয়ের টেন্ডার ও ইজারা প্রক্রিয়ায় নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন।
আইসফ্যাক্টরি রোডে বিশাল মার্কেট ও জমি জালিয়াতির অভিযোগ: রেলওয়ের সম্পত্তি দখলের অন্যতম বড় উদাহরণ দেখা যায় চট্টগ্রাম নগরের আইসফ্যাক্টরি রোডে। ২০১৮ সালের শেষ দিকে আইসফ্যাক্টরি রোড ব্যবসায়ী সমিতি লিমিটেড ও চুনারগুদাম ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের নামে রেলওয়ের কাছ থেকে এক বছরের জন্য ২ দশমিক ৩ একর জমি ইজারা নেন শাহ আলম, যেখানে তিনি নিজেই উভয় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। প্রায় ৩৯ লাখ টাকায় এই জমি ইজারা নেওয়া হলেও এর আশপাশ থেকে আরও ১ দশমিক ৬৮ একর জমি অবৈধভাবে দখল করে ‘শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট’ নামের একটি বিশাল বিপণিবিতান নির্মাণ করা হয়। এই মার্কেটে প্রায় ২৭০টি দোকান তৈরি করে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে বিক্রি করা হয়েছে। দোকানপ্রতি ১৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত সালামি আদায় করে প্রায় অর্ধশত কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) কম মূল্যে জমি ইজারা নিয়ে নিয়মবহির্ভূতভাবে এই মার্কেট নির্মাণের অভিযোগে একটি মামলা দায়ের করেছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
স্ত্রীর নামে নানা প্রতিষ্ঠান ও সিআরবির বিতর্কিত রেস্টুরেন্ট: শাহ আলমের বিভিন্ন অনিয়মের প্রধান বাহন হিসেবে কাজ করেছে তাঁর স্ত্রী ইয়াসমিন আলমের নামে নিবন্ধিত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের প্রধান ফটকের দক্ষিণ পাশে প্রায় ছয় হাজার বর্গফুট রেলভূমি জবরদখল করে গড়ে তোলা হয়েছে ‘তাসফিয়া গার্ডেন’ নামের একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট নির্মাণের জন্য কোনো যথাযথ প্রক্রিয়া বা নিয়ম অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, ওই জমিতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা থাকলেও, রেস্টুরেন্টটি ভেঙে ফেলার আশঙ্কায় শাহ আলমের সিন্ডিকেট কৃত্রিমভাবে প্রতিবাদ সমাবেশ ও বাধা সৃষ্টি করে সরকারকে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য করে। এছাড়া রেস্টুরেন্টের উচ্চ শব্দে হাসপাতালটির রোগীদের মারাত্মক ভোগান্তি পোহাতে হয়। একইভাবে হালিশহরে রেলওয়ের ১২ একর জলাশয় ইজারা নিয়ে বিশাল বাগানবাড়ি নির্মাণ, পুরোনো রেলস্টেশনের হোটেল হেরিটেজ প্রায় এক দশক ধরে নিজের নিয়ন্ত্রণে রাখা, নতুন রেলস্টেশনের দ্বিতীয় ও তৃতীয় তলার গেস্টহাউজ এবং পাহাড়িকা ও উদয়ন ট্রেনের খাবার সরবরাহের ঠিকাদারিও তাঁর কব্জায় রয়েছে। চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি ফ্লোর কম দামে ইজারা নিয়ে তা চড়া মূল্যে তৃতীয় পক্ষের কাছে ভাড়া দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
রেলওয়ের অবকাঠামো ও পার্কিং জোনে একচ্ছত্র নিয়ন্ত্র: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের চারপাশের বিশাল পরিসর এবং অবকাঠামোগত সুবিধাগুলো দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করে আসছে শাহ আলমের সিন্ডিকেট। নতুন রেলওয়ে স্টেশনের প্রায় এক হাজার গাড়ি ধারণক্ষমতার বিশাল পার্কিংজোন কোনো ধরনের টেন্ডার প্রক্রিয়া ছাড়াই গত পাঁচ বছর ধরে তাঁর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, স্টেশন এলাকার ৭০ থেকে ৮০ হাজার বর্গফুটের অপর দুটি পার্কিংয়ের জায়গার ইজারা মেয়াদ ২০১৯ সালে শেষ হলেও রেলওয়ের নীতিমালা লঙ্ঘন করে আইনি মারপ্যাঁচ ও মামলার মাধ্যমে তা জবরদখল করে রাখা হয়েছে। চট্টগ্রাম স্টেশন এলাকার বিভিন্ন ছোট-বড় দোকানগুলো ইজারা নেওয়ার পর তা অতিরিক্ত ভাড়ায় অন্য ব্যবসায়ীদের কাছে সাবলেট দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন তিনি। রেলওয়ের অভ্যন্তরীণ নথিপত্র ও সংশ্লিষ্টদের মতে, রেলওয়ের পদস্থ কর্মকর্তাদের অনেকে তার এই বেআইনি কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে আসছেন।
মাছে চাষের নামে ২০১৯ সালে রেলওয়ে টেনিং একাডেমির ২৬ একর জমি ইজারা নেন শাহ আলম; কিন্তু মাছ চাষে পরিবর্তে বালু ভরাট করে নির্মাণ করেন বিলাশবহুল বাড়ি। বিষয়টি জানতে পেরে রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালায় এবং নিয়মবর্হিভূত কাজের কারনে শাহ আলমের সাথে চুক্তির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়; কিন্তু প্রভাব খাটিয়ে ফের জায়গাটি দখলে নেন শাহ আলম।
রেলওয়ে ট্রেনিং একাডেমির রেক্টর এস এম সলিমুল্লাহ বাহার বলেন, জমি দখলে বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। শীগ্রই শাহ আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভুয়া অভিজ্ঞতার সনদে কোটি টাকার টেন্ডার সিন্ডিকেট: শুধু জমি দখল বা ইজারাই নয়, রেলওয়ের বড় বড় ঠিকাদারি কাজ হাতিয়ে নিতেও একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন শাহ আলম। এই চক্রের সাথে যুক্ত অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শাহ আলমের নিজের মালিকানাধীন এসএ করপোরেশন ও ইউনিক ট্রেডার্স, নওফেল আহমেদের মেসার্স হাইটেক কনস্ট্রাকশন লিমিটেড এবং মো. বিল্লাল হোসেন ওরফে ‘বেলাল হুজুর’-এর মোহাম্মদী ইঞ্জিনিয়ারিং ও ইউনিকন লিমিটেড। অনুসন্ধানে জানা যায়, ২০১৯ সালের আগে এসব প্রতিষ্ঠানের কোনো বড় নির্মাণ কাজের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ভুয়া অভিজ্ঞতার সনদ ব্যবহার করে তারা কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নেয়। এমনকি রেল সচিবালয় ভবনের ১৭ কোটি টাকারও বেশি মূল্যের কাজ এবং পদ্মা রেল লিংক প্রকল্পের কাজ এই চক্রের মাধ্যমেই হাসিল করা হয়। অভিযোগ রয়েছে, এই টেন্ডার বাণিজ্যের ক্ষেত্রে কাজের মোট মূল্যের একটি নির্দিষ্ট অংশ—যেমন মহাব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের অসাধু কর্মকর্তাদের মধ্যে কমিশন হিসেবে বিতরণ করা হতো, যার নেপথ্যেও ছিল এই শক্তিশালী সিন্ডিকেটের প্রভাব।
অন্যদিকে, ইজারার শর্ত মেনেই ডেভেলপার প্রতিষ্ঠানের মাধ্যমে মার্কেটটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন শাহ আলম।
নিজস্ব প্রতিবেদক 






















