কুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে কলার আড়তকে ৩০ হাজার এবং বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার স্টেশন রোড, রেসকোর্স ও শাসনগাছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্টেশন রোড এলাকায় ‘রংমহল কলার আড়তে’ অপরিপক্ব কলা ক্ষতিকর রাসায়নিক ‘রাইপেন-১৫’ ব্যবহার করে পাকানোর প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকারনামা নেওয়া হয়। এ সময় রাসায়নিক দিয়ে পাকানো কলাগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
অন্যদিকে, শাসনগাছা এলাকায় ‘ড্রিম বেকার্স’ নামের একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলোও পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 





















