দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বিএনপি সরকার দায়ী নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে।’ একই সঙ্গে বিরোধী দলের লং মার্চ কর্মসূচিকে রাজনৈতিক সংকট ও নেতৃত্বের ঘাটতি আড়ালের চেষ্টা হিসেবে অভিহিত করেছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা)-এর পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিরোধী দলের লং মার্চ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, ‘এ ধরনের কর্মসূচির কোনো প্রয়োজনীয়তা নেই। বিরোধী দলের রাজনীতিতে এক ধরনের শূন্যতা ও ঘাটতি তৈরি হয়েছে। জনগণের সামনে নিজেদের উপস্থিতি জানান দিতে তারা লং মার্চের মতো কর্মসূচি গ্রহণ করেছে। তবে এ কর্মসূচির কোনো যৌক্তিকতা নেই এবং সাধারণ মানুষের কাছেও এটি গ্রহণযোগ্য হবে না।’
জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ থেকে গ্যাস পাচার করে দেওয়ার কারণে বর্তমান সংকট তৈরি হয়নি। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের প্রভাবেই জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। জ্বালানি আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চলে যুদ্ধ চলায় সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সংকট কাটাতে সরকার বিকল্প জ্বালানি উৎসের সন্ধান করছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এরই মধ্যে রাজধানী ঢাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।’
নিজস্ব প্রতিবেদক 























