বাগেরহাটের রামপাল থানার পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি রঙিন স্মার্ট টিভি ও একটি সেলাই মেশিনসহ চোরাই মালামাল উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএমের দিকনির্দেশনায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রামপাল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় থানার এসআই রিপন দাস ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে এক আসামিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আসামি হলেন শেখ শাহীন (৩৫)। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার বারুইপাড়া গ্রামের আঃ কুদ্দুসের ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএম সংবাদমাধ্যমকে জানান, রামপাল থানাকে অপরাধমুক্ত রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামির কাছ থেকে চোরাই একটি রঙিন স্মার্ট টিভি ও একটি সেলাই মেশিন উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শেখ সাগর আহমেদ-রামপাল (বাগেরহাট) প্রতিনিধি 






















