নওগাঁর আত্রাইয়ে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সেবার কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে ৬৮ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৩টায় আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম পুলিশ বা দফাদাররা তৃণমূল পর্যায়ে সরকারের বার্তা পৌঁছে দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রত্যন্ত অঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও তথ্য আদান-প্রদানে তাঁদের অবদান গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এই বাইসাইকেল তাঁদের চলাচল সহজ করবে এবং দাপ্তরিক কাজ ও আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমে আরও গতিশীলতা আনবে। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবিব নাঈমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বাইসাইকেল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গ্রাম পুলিশ সদস্যরা। তাঁরা জানান, বাইসাইকেল পাওয়ায় গ্রামের প্রত্যন্ত এলাকায় দ্রুত যাতায়াত এবং আইনশৃঙ্খলাসংক্রান্ত তথ্য সংগ্রহ করা আরও সহজ হবে।
আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 






















