নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে লালপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও লালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলাম (৫২), লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও লালপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন আহম্মেদ ওরফে আগুন (২২) এবং লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী মোঃ হাফিজুর রহমান (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের বাবার নাম মৃত চাঁন মিয়া। তাঁর বাড়ি বালিতিতা ইসলামপুর গ্রামে। শরিফুল ইসলামের বাবার নাম মৃত ইয়াকুব আলী। তিনি উত্তর লালপুরের বাসিন্দা। ইমন আহম্মেদ শরিফুল ইসলামের ছেলে। তাঁদের বাড়ি উত্তর লালপুরে। হাফিজুর রহমানের বাবার নাম মৃত তসলিম উদ্দিন। তাঁর বাড়ি রামকৃষ্ণপুর গ্রামে।
পুলিশ জানায়, লালপুর থানায় ২০২৫ সালের ১ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১ নম্বর মামলায় ৬(২), ৮, ১২ ও ১৩ ধারার উল্লেখ রয়েছে। ওই মামলার সূত্র ধরে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার (২৪ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
মোঃ শিহাব উদ্দিন টোকন স্টাফ রিপোর্টার, নাটোর 






















