সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়কসমূহ প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সিলেটের গোয়াইনঘাটে দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের সাইট সরেজমিনে পরিদর্শন করেছে এলজিইডি সদর দপ্তরের ডিজাইন টিম (সড়ক ও ভবন)। টিমের সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন ও ইমরান হোসেন এ পরিদর্শনে অংশ নেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সালুটিকর বাজার-গোয়াইনঘাট জিসি রোড এবং রাধানগর বাজার জিসি-হাদারপার বাজার জিসি রোডে এ পরিদর্শন কার্যক্রম চালানো হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদ এবং গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
পরিদর্শনকালে ডিজাইন টিমের কর্মকর্তারা সড়ক দুটির বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজ টেকসইভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কারিগরি দিক পর্যালোচনা করেন।
সংশ্লিষ্টরা জানান, সড়ক দুটির উন্নয়নকাজ সম্পন্ন হলে গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। বিশেষ করে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠী এর সুফল পাবেন।
উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
নোমান আহমদ, সিলেট প্রতিনিধি 


















