নারায়ণগঞ্জ শহরের চানমারী এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নারায়ণগঞ্জ সড়ক সার্কেল কার্যালয়ের জন্য সাত কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে তিনতলা ভবন নির্মাণ করা হয়েছে। ভবন নির্মাণের প্রায় সাত বছর পেরিয়ে গেলেও সেখানে এখনো কার্যক্রম শুরু হয়নি। ফলে নারায়ণগঞ্জ সড়ক সার্কেলের কার্যক্রম ঢাকার এলেনবাড়ীতে অবস্থিত ঢাকা সড়ক জোন ভবন থেকেই পরিচালিত হচ্ছে।
এতে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীর সেবাপ্রত্যাশীদের সার্কেল পর্যায়ের বিভিন্ন কাজে ঢাকায় যেতে হচ্ছে। এতে তাঁদের সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে।
সিদ্ধান্তের পর ভবন, তবু কার্যক্রম ঢাকায়
সওজের নথি অনুযায়ী, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের স্মারকের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ১০ আগস্ট ঢাকা সড়ক সার্কেলকে বিভক্ত করে নতুন নারায়ণগঞ্জ সড়ক সার্কেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে সার্কেল কার্যালয় নির্মাণের জন্য ২০১৭-১৮ অর্থবছরে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর নির্মাণকাজ শেষ হয়।
সওজের কর্মকর্তারা জানান, নতুন সার্কেল গঠনের উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীর সড়ক বিভাগের কার্যক্রম আরও গতিশীল করা। কিন্তু সার্কেল কার্যালয় ঢাকায় থাকায় তিন জেলার সেবাপ্রত্যাশীদের বিভিন্ন কাজে রাজধানীতে যেতে হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, প্রায় ১০ বছর আগে নারায়ণগঞ্জ সার্কেল অফিস অনুমোদন পেয়েছে। সাত বছর আগে ভবন নির্মাণ হলেও এখনো এর কার্যক্রম শুরু হয়নি। অফিসটি চালু হলে বহু মানুষের ভোগান্তি কমবে। একই সঙ্গে সার্কেলের আওতাধীন এলাকা তদারকিতেও সুবিধা হবে।
এই পরিস্থিতিতে গত ২ আগস্ট নারায়ণগঞ্জ সড়ক সার্কেল কার্যালয় ঢাকার এলেনবাড়ী থেকে নারায়ণগঞ্জে স্থানান্তরের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলমের কাছে আবেদন করেন মামুন মাহমুদ।
আবেদনে বলা হয়, চানমারী এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে নতুন সড়ক সার্কেল ভবন নির্মাণ করা হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় সুবিধাও রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনো সেখানে অফিস স্থানান্তর করেননি।
আবেদনে আরও উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জে অফিস স্থানান্তর করা হলে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর যাতায়াতের পরিবর্তে তিন জেলার কয়েক হাজার মানুষের রাজধানীমুখী যাতায়াত বন্ধ হবে। তিন জেলার মধ্যবর্তী অবস্থানে হওয়ায় নারায়ণগঞ্জে সার্কেল কার্যালয় থাকলে মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমবে।
জেলা পরিষদের প্রশাসকের আবেদনে আরও বলা হয়, নারায়ণগঞ্জ সড়ক সার্কেলের আওতায় প্রায় ৮৫০ কিলোমিটার সড়ক রয়েছে। এসব সড়কের বড় অংশ রাজধানীর বাইরে পূর্ব ও পূর্ব-দক্ষিণাঞ্চলে অবস্থিত। মহাসড়কগুলো নিয়মিত তদারকির ক্ষেত্রেও নারায়ণগঞ্জ ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামুন মাহমুদের আবেদনের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম নির্দেশ দিয়েছেন।
‘কাজ শেষ হলেই স্থানান্তর’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, তিনতলা ভবনটির চারদিকে সীমানাপ্রাচীর রয়েছে। ভবনের ভেতরে সড়ক সংস্কারকাজের যানবাহন রাখা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা।
নিরাপত্তাকর্মী মহিদুল ইসলাম বলেন, তাঁরা আটজন এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন এবং অফিসটির নিরাপত্তা দেখভাল করছেন।
ভবন নির্মাণের পরও দীর্ঘদিন ধরে পড়ে থাকার বিষয়টি স্বীকার করেছেন সওজের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম। তিনি বলেন, ভবনের ভেতরে কিছু ডেকোরেশন ও ইন্টেরিয়রের কাজ চলছে। এসব কাজ শেষ হলেই ঢাকার এলেনবাড়ী থেকে সার্কেল অফিস নারায়ণগঞ্জে স্থানান্তর করা হবে।
নিজস্ব প্রতিবেদক 
























