ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি একুশে একাডেমির বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অ্যান্ড স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় একুশে একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে একুশে একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল কালাম শমা, প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমিন, মাহবুবুর রহমান বাবু, আনোয়ার হোসেন আয়নল ও সোহরাব হোসেন সবুজ উপস্থিত ছিলেন। এ ছাড়া আনিসুর রহমান, জমিদাতা মিজানুর রহমান, সমাজসেবক নজরুল ইসলাম ভূঁইয়া ও আবদুল হকসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবার বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অ্যান্ড স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় একুশে একাডেমি থেকে ট্যালেন্টপুলে তিনজনসহ মোট নয়জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো-নুসরাত জাহান (ইভা), মো. আবরার ফাইয়াজ ও সাবিহা আক্তার আয়েশা। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে—অপূর্ব চন্দ্র দাস, নুসরাত জাহান নিতু, মাহমুদুল হাসান, সিদরাতুল মুনতাহা, মো. ফাহাদ ও কৃষান সরকার অভয়।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। বিদ্যালয় ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে বৃত্তিপ্রাপ্ত নয় শিক্ষার্থীর হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও অনারিয়াম তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে একুশে একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, “বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাদের মায়েদের ভূমিকা অপরিসীম। মায়েরা সন্তানদের পড়াশোনার প্রতি যত্ন নিয়েছেন, নিয়মিত খোঁজখবর রেখেছেন-তাই তারা আজ সফল হয়েছে। এ সাফল্য শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও।”
সংবর্ধনা ও মা সমাবেশকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মোঃ আবদুল মনিম, বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি 




















