আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ওষুধ ব্যবসায়ী ও ড্রাগিস্টদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে আত্রাই বাজারে এ সভার আয়োজন করা হয়। ওষুধ প্রশাসন জেলা কার্যালয় নওগাঁ-এর উদ্যোগে এবং আত্রাই এলাকা বি.সি.ডি.এস (বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বি.সি.ডি.এস আত্রাই এলাকার সভাপতি মো. আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান ও মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক মিতা রায়।
আলোচনায় অংশ নিয়ে ওষুধ তত্ত্বাবধায়ক মিতা রায় বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় মানসম্মত ও সঠিক ওষুধ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নকল, ভেজাল ও মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধ করা, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ নিশ্চিত করা এবং ড্রাগ লাইসেন্সের সকল বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, ওষুধ ব্যবসায়ীদের সামান্য অসচেতনতার কারণে সাধারণ মানুষ যেন কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে না পড়েন, সে বিষয়ে ড্রাগিস্টদের সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বি.সি.ডি.এস আত্রাই এলাকার সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, সহ-সভাপতি শ্রী শিশির সাহা ও শ্রী সুশান্ত কুমার সাহা, সদস্য খন্দকার জিতু, আবদুল্লাহ আল মামুন, আ.করিম, রফিকুল ইসলামসহ স্থানীয় ওষুধ ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠানে সার্বিকভাবে মানসম্মত ওষুধ বিক্রি নিশ্চিতকরণ, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করা এবং ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর তাগিদ দেওয়া হয়।#
আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 




















