জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাতে পৌর শহরের কালীতলা মোড় এলাকা থেকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সোহেল রানা পৌর শহরের চর ভবসুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ২০২৬ সালের জুন মাসে পৌর শহরের বাদেশহরিয়া এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত বিস্ফোরণ মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















