আওয়ামী লীগের নাম ভাঙানো প্রতিষ্ঠান এনডিই-কে বিএনপি সাজিয়ে মন্ত্রণালয়ে চালাচ্ছে জালিয়াতির পক্ষে তদবির। নিজে ছিলেন চুয়েট ছাত্রলীগ নেতা, গোপালগঞ্জের বাসিন্দা। এই প্রকৌশলী এখন নিজেকে পরিচয় দেন বিএনপির সাবেক নেতা হিসেবে। অন্তর্বর্তী সরকারের আমলে কোটি টাকা ঘুষ দিয়ে নেন চট্টগ্রামে পদায়ন। সাম্প্রতিক জালিয়াতি নিয়ে চলছে তোলপাড়।
শেখ হাসিনার পতনের পর বদলে গেছে দেশের রাজনৈতিক দৃশ্যপট। কিন্তু বদলায়নি সরকারি দপ্তরগুলোর ভেতরে চেপে বসা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর ঘুনে ধরা সিন্ডিকেট। রূপটাই কেবল বদলেছে। কালকের চিহ্নিত আওয়ামী দালাল আজ রাতারাতি বনে গেছে চরম বিএনপি প্রেমিক। কিন্তু চামড়া বদলালেও কি ঢাকা পড়ে কোটি কোটি টাকার অনিয়ম আর প্রতারণার পাহাড়? ঘুষের ৫০ লাখ টাকা পকেটে পুরে জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট এক বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে রক্ষা করার ভয়ঙ্কর এক চক্রান্ত সামনে এসেছে খোদ চট্টগ্রাম গণপূর্তে।
ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স, সংক্ষেপে এনডিই, বিগত এক যুগে আওয়ামী লীগের শেখ পরিবার, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকার কাজ হাতিয়ে নেওয়া এক অক্টোপাস। ভুয়া ও জাল নথিপত্র জমা দিয়ে নিষিদ্ধ হওয়া এই প্রতিষ্ঠানটি এবার ভিন্ন কৌশলে নেমেছে মাঠ দখলে। কিন্তু এই বিতর্কিত প্রতিষ্ঠানকে রক্ষায় চট্টগ্রামে বসে তদবিরের জাল বিছিয়েছেন কে? অনুসন্ধান বলছে, তিনি চট্টগ্রাম গণপূর্তের প্রকৌশলী মেহেদী।
পরিচয় যিনি চুয়েট ছাত্রলীগের সাবেক ক্যাডার ও গোপালগঞ্জের বাসিন্দা। ক্ষমতার দাপটে এতদিন যিনি আখের গুছিয়েছেন। সরকার পতনের পর সেই প্রকৌশলী মেহেদী এখন নিজের চামড়া বাঁচাতে নিজেকে দাবি করছেন বিএনপির সাবেক নেতা হিসেবে। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কোটি টাকার ঘুষ বাণিজ্যের বিনিময়ে বাগিয়ে নিয়েছেন চট্টগ্রাম গণপূর্তের গুরুত্বপূর্ণ পদায়ন। অভিযোগ উঠেছে, এই প্রকৌশলী মেহেদী চট্টগ্রাম গণপূর্তে এনডিই-র জালিয়াতি ঢাকতে এবং তাদের কাজ পাইয়ে দিতে টেবিলের নিচ দিয়ে লেনদেন করেছেন নগদ ৫০ লাখ টাকা। যে প্রতিষ্ঠানটি এতদিন ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী ক্যাডারদের কোটি টাকার অবৈধ অস্ত্র সরবরাহ করেছে, সেই এনডিই-কে এখন কৌশল বদলে বিএনপি ঘরানার বানিয়ে মন্ত্রণালয়ে সাফাই গাইছেন এই বহুরূপী প্রকৌশলী।
অথচ ওই এনডিই-র বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। নিম্নমানের কাজ করে কোটি কোটি টাকা লোপাট, সংযুক্ত আরব আমিরাত ও চীন থেকে পাথর ও রেডি মিক্স আমদানির নামে হুন্ডির মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচার সবই হয়েছে এদের হাত ধরে। সওজ থেকে শুরু করে নৌপরিবহন ও গণপূর্ত অধিদপ্তর, সর্বত্র এদের ছিল জালিয়াতির একক রাজত্ব। আর এই দুর্নীতির বরপুত্রদের বাঁচাতে এখন মরিয়া হয়ে উঠেছে গণপূর্তের এক শ্রেণীর অসাধু আমলা, যাদের অন্যতম নায়ক এই প্রকৌশলী মেহেদী। সরকারের পট পরিবর্তন হলেও এই অপরাধী চক্রের কোনো পরিবর্তন হয়নি। তারা শুধু তাদের রাজনৈতিক দলীয় ট্যাগ পরিবর্তন করে লুটেপুটে খাচ্ছে জনগণের কষ্টের রাজস্ব। জনগণের রক্তপানি করা টাকায় আর কতদিন চলবে এই জালিয়াতি আর দলবদলের নাটক? কোটি টাকার ঘুষ দিয়ে পদায়ন নিয়ে যারা দুর্নীতিবাজদের তোষামোদি করছে, তাদের মুখোশ উন্মোচনের সময় এখন।
নিজস্ব প্রতিবেদক 





















