নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে মাছ ধরার জালে আটকা পড়েছে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর। পরে বন বিভাগের সদস্যরা সাপটি উদ্ধার করেন। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ বিজিবি ক্যাম্প-সংলগ্ন তিস্তা নদী থেকে অজগরটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা সামাজিক বন বিভাগ সাপটি করে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দা মশিয়ার রহমান তিস্তা নদীতে চায়না জাল পেতে রাখেন। বুধবার সকালে জাল তুলতে গিয়ে দেখতে পান, একটি বড় অজগর জালে আটকা পড়েছে। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জালসহ সাপটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
অজগর আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেটি দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
জেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকার ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছি। সাপটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
আল মিজান ইসলাম-নীলফামারী জেলা প্রতিনিধি 






















