আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতা বৃদ্ধি ও যৌথ গবেষণার নতুন সুযোগের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: মামুন অর রশিদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজন কৃষ্ণ সাহা, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিউল আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজ, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আহসানুল হক, বহিরাঙ্গণ কার্যক্রম অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রিসালাত রফিকসহ নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. ইউকিফলি এবং এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানা অনুষ্ঠানে অংশ নেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে ববি ভিসি প্রফেসর ড. মো: মামুন অর রশিদ বলেন, ‘এই সমঝোতা স্মারকের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সহযোগিতার এক নতুন দ্বারের সূচনা হলো। ভবিষ্যতে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক অ্যাকাডেমিক সংযোগ জোরদারের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই ব্যাপকভাবে উপকৃত হবে।’
আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি 

























